দিল্লিতে গভীর রাত পর্যন্ত মেগা বৈঠক! আজই কি বিজেপির ১৫০ আসনের দ্বিতীয় তালিকা?

মঙ্গলবার তৃণমূলের ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণার পর চাপ বেড়েছে গেরুয়া শিবিরের ওপর। বিজেপি ইতিমধ্যেই প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে, যেখানে সবথেকে বড় চমক ছিল শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা। এবার বাকি ১৫০টি আসনের জট কাটাতে বুধবার বিকেল থেকেই দিল্লিতে তৎপরতা তুঙ্গে।

সূত্রের খবর, দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডার উপস্থিত থাকার কথা। তার আগে বাংলার পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে একটি সমন্বয় বৈঠক চলছে। মূলত উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের কয়েকটি আসন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে দ্বিমত ছিল, তা কাটাতেই এই ম্যারাথন বৈঠক।

বিজেপি সূত্রে ইঙ্গিত, আজ বুধবার রাতেই অথবা বৃহস্পতিবার সকালেই দ্বিতীয় তালিকা প্রকাশ করে দেওয়া হতে পারে। প্রথম তালিকায় আদি বিজেপি কর্মীদের প্রাধান্য দিলেও দ্বিতীয় তালিকায় বেশ কিছু নতুন এবং পেশাদার মুখ দেখা যেতে পারে বলে গুঞ্জন। বিশেষ করে যে সব আসনে তৃণমূল তারকা প্রার্থী দিয়েছে, সেখানে পাল্টা চমক দিতে পারে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর পর আর কে কে দুটি আসনে লড়বেন বা কোনো সাংসদকে বিধানসভায় নামানো হবে কি না, সেটাই এখন দেখার।