ভোটের মুখে উত্তরবঙ্গে নতুন সমীকরণ! পৃথক রাজ্যের দাবিতে একজোট বিমল গুরুং ও কামতাপুর গোষ্ঠী

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় পট পরিবর্তন ঘটল। বুধবার আলিপুরদুয়ার জেলার মাকরাপাড়া চা বাগানে এক যৌথ সভা থেকে পৃথক রাজ্যের দাবিকে হাতিয়ার করে জোট বাঁধলেন গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamatapur State Demand Council)। বিমল গুরুং এবং তপতী রায় মল্লিকের এই হাত মেলানো পাহাড় ও ডুয়ার্সের নির্বাচনী অংকে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিন দুই সংগঠনের পক্ষ থেকে ‘সেপারেট স্টেট ডিমান্ড কমিটি’ (Separate State Demand Committee) নামে একটি অভিন্ন মঞ্চ গড়ার ঘোষণা করা হয়েছে। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট তপতী রায় মল্লিক জানান, তাঁদের এবং মোর্চার লক্ষ্য এক— পৃথক রাজ্য গঠন। তাই আগামী দিনে এই দাবিকে আরও জোরালো করতে তাঁরা একযোগে ময়দানে নামছেন। বিমল গুরুংয়ের কথায়, “তরাই, ডুয়ার্স ও সমগ্র উত্তরবঙ্গের মানুষের অধিকার এবং উন্নয়নের প্রশ্নে আমরা আপসহীন। খুব শীঘ্রই জনমত সংগ্রহের কাজ শুরু হবে।”

এই জোট কি আসন্ন নির্বাচনে প্রার্থী দেবে? গুরুং জানিয়েছেন, সেই বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। তবে রাজনৈতিক মহলের মতে, বিমল গুরুং যদি কামতাপুর গোষ্ঠীকে সঙ্গে নিয়ে ভোট ময়দানে নামেন, তবে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি— দুই শিবিরের ভোটব্যাঙ্কেই বড়সড় ধস নামতে পারে। বিশেষ করে চা বলয়ের ভোটে এই জোট নির্ণায়ক ভূমিকা নিতে পারে।