মুর্শিদাবাদে বাড়ছে রাজনৈতিক পারদ! সামশেরগঞ্জে অস্ত্র উদ্ধার ও প্রতিমা ভাঙার ঘটনায় কড়া নজর কমিশনের

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া প্রশাসন। এরই মাঝে মঙ্গলবার রাতে সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য মিলল। ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলাবাগান গঙ্গাঘাট এলাকা থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় দু’টি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার নন্দোলালপুর গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মালদা থেকে নদীপথ পার হয়ে এই আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই সে সামশেরগঞ্জে এসেছিল। বুধবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমানে রাজ্য জুড়ে কড়া নজরদারি চলছে। বিশেষ করে মুর্শিদাবাদের মতো স্পর্শকাতর জেলায় এই অস্ত্র উদ্ধার পুলিশ-প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ থানার চুনাখালি এলাকায় প্রতিমা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে, যা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে।