১০ বছর পর ফের খড়গপুরের লড়াইয়ে দিলীপ ঘোষ! প্রদীপ সরকারের বিরুদ্ধে কি ম্যাজিক দেখাবেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে হাই-প্রোফাইল লড়াইয়ের সাক্ষী হতে চলেছে খড়গপুর সদর। বুধবার নিজের পুরনো কেন্দ্রে পা রাখলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শহরের প্রবেশপথেই তাঁকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার কর্মী ও সমর্থক। গাড়ি থেকে নামতেই পুষ্পবৃষ্টি আর স্লোগানে মেদিনীপুরের দাপুটে এই নেতাকে বরণ করে নেওয়া হয়।
২০১৬ সালে এই খড়গপুর সদর থেকেই জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর তিনি রাজ্য বিজেপির সভাপতি এবং সাংসদ হিসেবে দায়িত্ব সামলালেও, ১০ বছর পর আবার সরাসরি বিধানসভা যুদ্ধের ময়দানে তিনি খড়গপুরেই ফিরলেন। এবার তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের প্রভাবশালী নেতা প্রদীপ সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খড়গপুরের রেল শহর ও হিন্দিভাষী ভোটারদের ওপর দিলীপ ঘোষের যে ব্যক্তিগত প্রভাব রয়েছে, তা কাজে লাগিয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
দিলীপ ঘোষ এদিন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “খড়গপুর আমার নিজের ঘর। এখানকার মানুষের ভালোবাসা ও আশীর্বাদেই আমি আজ এই জায়গায়। লড়াই শুরু হয়ে গিয়েছে, জয় নিশ্চিত।” খড়গপুরের অলিগলিতে দিলীপের প্রত্যাবর্তনে বিজেপি কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। প্রদীপ সরকার বনাম দিলীপ ঘোষ— এই দ্বৈরথ এখন জেলা ছাড়িয়ে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে।