গরমের ছুটিতে কোপ! ২০২৬-এ মাত্র ৬ দিন বন্ধ থাকবে স্কুল? পর্ষদের ঘোষণায় মাথায় হাত অভিভাবকদের

২০২৬ শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) যে ছুটির তালিকা প্রকাশ করেছে, তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ শিক্ষক ও অভিভাবকদের। পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে গরমের ছুটি বরাদ্দ করা হয়েছে মাত্র ৬ দিন— ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত। যেখানে প্রতি বছর মে মাসের তীব্র দাবদাহে স্কুল চালানো দায় হয়ে পড়ে, সেখানে মাত্র এক সপ্তাহের ছুটি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, নিয়মানুযায়ী বছরে মোট ছুটির সংখ্যা ৬৫ দিনের বেশি হওয়া সম্ভব নয়। সরকারিভাবে বিভিন্ন উৎসবের ছুটি বেড়ে যাওয়ায় ভারসাম্য বজায় রাখতে গিয়েই গরমের ছুটিতে কোপ পড়েছে। তবে পুজোর ছুটিতে কোনো কাটছাঁট করা হয়নি; ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা ২৫ দিন ছুটি বহাল রাখা হয়েছে।
এই ৬ দিনের ছুটিকে ‘অবাস্তব’ বলে আখ্যা দিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তাঁদের মতে, গত কয়েক বছরে মে মাসে দক্ষিণবঙ্গ জুড়ে যে ভয়াবহ লু এবং তাপপ্রবাহ দেখা যাচ্ছে, তাতে মাত্র ৬ দিন ছুটি দেওয়া পড়ুয়াদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে আশার আলো দেখাচ্ছে বিগত বছরগুলোর অভিজ্ঞতা। ২০২৫ সালেও নির্ধারিত ছুটির বাইরেও আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গরমের ছুটি বাড়িয়েছিলেন। ওয়াকিবহাল মহলের ধারণা, ২০২৬ সালেও যদি মে মাসে পারদ চড়ে, তবে সরকার বা শিক্ষা দপ্তর পরিস্থিতি বুঝে এই ৬ দিনের ছুটি বাড়াতে বাধ্য হবে।