ঘরশত্রু বিভীষণ? ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাইকে টিকিট দিয়ে মুর্শিদাবাদে কি খেলা ঘোরাবেন হুমায়ুন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করতে ময়দানে নামলেন বিদ্রোহী নেতা হুমায়ুন কবীর। বুধবার নিজের নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সবচেয়ে বড় চমক এসেছে মুর্শিদাবাদের কান্দি কেন্দ্রটি নিয়ে। সেখানে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসির হায়দারকে প্রার্থী করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন।

ইয়াসির হায়দার একসময় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এবং কলকাতা বন্দর এলাকায় তাঁর বিশেষ প্রভাব ছিল। কিন্তু পারিবারিক দূরত্বের কারণে তৃণমূলের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়ে। মাঝে কংগ্রেস ঘুরে গত জানুয়ারি মাসে হুমায়ুন কবীরের হাত ধরে তিনি তাঁর দলে যোগ দেন। এবার কান্দিতে তৃণমূলের ঘোষিত প্রার্থী অপূর্ব সরকারের (ডেভিড) বিরুদ্ধে লড়বেন ইয়াসির। রাজনৈতিক মহলের মতে, ইয়াসিরকে প্রার্থী করে হুমায়ুন আসলে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়সড় থাবা বসাতে চাইছেন।

হুমায়ুন কবীর নিজে এবার একটি নয়, দুটি কেন্দ্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন—রেজিনগর ও নওদা। মোট ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বড় দলগুলোর জয়-পরাজয় এবার তাঁর হাতের মুঠোয় থাকতে পারে। পাশাপাশি তিনি মিমের (AIMIM) সঙ্গে জোট বা সহযোগিতার ইঙ্গিতও দিয়েছেন। ২০১১ থেকে ২০২৬—কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ঘুরে আসা হুমায়ুন এবার নিজের শক্তিতে কতটা ম্যাজিক দেখাতে পারেন, সেটাই এখন দেখার।