বাড়ি ভাড়া ছাড়াই মাসে খরচ ২৭ হাজার! ২০২৬-এ ভারতের মেট্রো শহরগুলোতে জীবনযাত্রার খরচ আকাশছোঁয়া?

২০২৬ সালে এসে ভারতের মেগাসিটিগুলোতে জীবনযাত্রার খরচ (Cost of Living) সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তবে স্বস্তির খবর এই যে, দেশের প্রধান চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে তিলোত্তমা কলকাতাতেই বসবাসের খরচ এখনও পর্যন্ত সবচেয়ে কম। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে ভারতের বিভিন্ন শহরের খরচের তুলনামূলক চিত্র।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে একজন ব্যক্তির জীবনধারণের জন্য বাড়ি ভাড়া ছাড়াই মাসে গড়ে ২৭,৩০০ টাকা প্রয়োজন। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এই অঙ্কটা দাঁড়ায় মাসে প্রায় ৯৮,০০০ টাকায়। খাবারের খরচ, যাতায়াত, দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী এবং বিনোদনের ওপর ভিত্তি করে এই হিসেব করা হয়েছে। তবে শহরভেদে এই খরচের বিপুল ফারাক লক্ষ্য করা গেছে।

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ে বসবাসের খরচ বর্তমানে সবচেয়ে বেশি। সেখানে একজন ব্যক্তির মাসে বাড়ি ভাড়া বাদে ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এর ঠিক পরেই রয়েছে রাজধানী নয়া দিল্লি। অন্যদিকে, হায়দরাবাদ ও পুণের মতো শহরগুলি আবাসন কেনাবেচা এবং ক্রয়ক্ষমতার নিরিখে দিল্লি-মুম্বইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। তুলনায় দক্ষিণ ভারতের চেন্নাইয়ে খরচ অনেকটাই সহনশীল।

তালিকায় সবথেকে সাশ্রয়ী শহর হিসেবে নাম উঠে এসেছে কলকাতার। এখানে একজন ব্যক্তি মাসে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। যাতায়াত ব্যবস্থা সস্তা হওয়া এবং দৈনন্দিন জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকাই কলকাতাকে এই তালিকার শীর্ষে রেখেছে। তবে গত কয়েক বছরে বেঙ্গালুরু ও আহমেদাবাদের মতো শহরগুলোতেও খরচের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।

Samrat Das
  • Samrat Das