PSL ২০২৬ বাতিলের মুখে? আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের আঁচে কাঁপছে ক্রিকেট বিশ্ব!

আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (PSL) ১১তম আসর। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ঘনঘোর সঙ্কটে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত এবার সরাসরি প্রভাব ফেলতে চলেছে ২২ গজে। গত ১৬ মার্চ আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি বায়ুসেনার ভয়াবহ বিমান হামলার পর পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে। অভিযোগ উঠেছে, একটি হাসপাতালকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে, যেখানে ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় পিএসএল ২০২৬ বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অস্ট্রেলীয় তারকাদের ঘিরে অনিশ্চয়তা
এবারের পিএসএল-এ স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিশ্বখ্যাত অজি তারকাদের খেলার কথা রয়েছে। কিন্তু যুদ্ধের আবহে অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের জন্য কড়া ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে। বিশেষ করে পেশোয়ার ও রাওয়ালপিন্ডিকে ‘হাই-রিস্ক’ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অজি খেলোয়াড় ও কোচিং স্টাফদের পাকিস্তানে না যাওয়ার বা অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদি শেষ মুহূর্তে এই বড় তারকারা নাম প্রত্যাহার করে নেন, তবে টুর্নামেন্টের জৌলুস হারানোর পাশাপাশি সম্প্রচারকারী স্বত্ব থেকেও পিসিবি-র কোটি কোটি টাকা লোকসান হবে।

পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে হামলার হুমকি
আফগান সরকারের পক্ষ থেকে এই হামলার কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে থাকা বিদেশিরা এখন চরম নিশানায়। পিএসএল-এর মোট ১১টি ম্যাচ হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে, যা এখন সবথেকে বিপজ্জনক এলাকাগুলোর একটি। সন্ত্রাসবাদীরা বিদেশি খেলোয়াড়দের টার্গেট করতে পারে—এমন আশঙ্কায় খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্য়েই অনেক আফগান ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন। একদিকে আইপিএল-এর হাতছানি, অন্যদিকে প্রাণের ঝুঁকি—সব মিলিয়ে বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতিতে পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।