রিল বানাতে গিয়ে নিজের বুকেই গুলি! ক্যামেরার সামনেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা, ভাইরাল ভিডিও

বর্তমান প্রজন্মের কাছে সমাজমাধ্যমের ‘রিল’ বানানো এখন কার্যত এক মারণ নেশায় পরিণত হয়েছে। লাইক আর ভিউয়ের চক্করে নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হচ্ছে না তরুণ সমাজ। তেমনই এক শিউরে ওঠা মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব দিল্লির নিউ অশোকনগর এলাকায়। রিল বানাতে গিয়ে নিজের পিস্তলের গুলিতেই প্রাণ হারালেন পবন কুমার নামে এক যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পবন এবং তাঁর ভাই হিমাংশু তাঁদের লাইসেন্স করা পিস্তল নিয়ে একটি ভিডিও তৈরি করছিলেন। সেই ভিডিওতে দেখা যায়, পবন অত্যন্ত সাবলীলভাবে পিস্তলে ম্যাগাজিন ভরছেন। পিছন থেকে ভাই হিমাংশু তাঁকে নির্দেশ দিচ্ছিলেন কীভাবে ম্যাগাজিনটি ঠিকঠাক ঢোকানো যায়। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, পবন পিস্তলটি লোড করেন। হিমাংশু তাঁকে বারংবার সাবধান করেছিলেন যাতে তিনি গুলি না চালান।
কিন্তু উত্তেজনার বশে পবন হিমাংশুর সেই সতর্কবাণী কানে তোলেননি। ভিডিওর শেষ অংশে দেখা যায়, পবন হাসিমুখে পিস্তলটি নিজের বুকের বাঁদিকে ঠেকিয়ে পোজ দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় চরম অঘটন। অসাবধানতাবশত পবনের আঙুল চলে যায় ট্রিগারে। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে পিস্তল। নিজের গুলিতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পবন। এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন তাঁর ভাই। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, যে পিস্তলটি থেকে গুলি চলেছিল সেটি হিমাংশুর নামে লাইসেন্স করা ছিল। ভাইয়ের আবদারেই হিমাংশু এই ভিডিওটি রেকর্ড করছিলেন, যা পরে ইনস্টাগ্রামে পোস্ট করার কথা ছিল। পুলিশ ইতিমধ্যেই ওই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না বা ঘটনার সময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়া রিলের নামে বাড়াবাড়ি ও আগ্নেয়াস্ত্র নিয়ে অসতর্কতার এক জ্বলন্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে।