দিল্লিতে ৫ তলা আবাসন গ্রাস করল বিধ্বংসী আগুন, ৩ শিশুসহ মৃত অন্তত ৭!

রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমের পালাম এলাকায় বুধবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দেশ। একটি পাঁচতলা আবাসিক ভবনে আচমকা আগুন লেগে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ৩ জনই শিশু। বুধবার ভোরে যখন বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই ভবনের নিচের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ওপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে বিভীষিকা সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। আতঙ্কিত বাসিন্দারা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করেন। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে, কয়েকজন বাসিন্দা বাঁচার আশায় বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন, ফলে তাঁরা গুরুতর জখম হয়েছেন। দমকলের প্রাথমিক অনুমান, ভবনের বেসমেন্ট ও নিচের তলাগুলিতে পোশাক এবং প্রসাধনী সামগ্রী মজুত রাখা ছিল। এই দাহ্য পদার্থের উপস্থিতির কারণেই আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রায় ৩০টি দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।