IPL 2026: দিল্লির ব্যাটিং অর্ডারে বড় ধামাকা! ওপেনিংয়েই নামছেন কেএল রাহুল, গ্লাভস হাতেও তৈরি মহাতারকা

আইপিএল ২০২৬ মরসুম শুরুর আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে বড়সড় রদবদলের হাওয়া। গত মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো লুকোচুরি নয়, বরং কেএল রাহুলকে ঘিরেই জয়ের ছক কষছে রাজধানীর দল। ইনসাইড রিপোর্ট অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট মনস্থির করে ফেলেছে যে আসন্ন মরসুমে কেএল রাহুল দলের স্থায়ী ওপেনার হিসেবেই ইনিংসের সূচনা করবেন। একই সঙ্গে স্পেশালিস্ট উইকেটকিপারের গুরুদায়িত্বও সামলাবেন তিনি। অর্থাৎ, ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই রাহুলকে সামনে রেখেই এবার ঝাঁপাতে চাইছে দিল্লি।
গত ২০২৫ মরসুমে রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল। প্রাথমিকভাবে তাকে ৩ বা ৪ নম্বর পজিশনে মিডল অর্ডারের হাল ধরতে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মন্দ করেননি, ১৩ ইনিংসে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ৫৩৯ রান তুলেছিলেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল ওপেনিং নিয়ে। জেক ফ্রেজার-ম্যাকগার্ক বা করুন নায়াররা ধারাবাহিকতা দেখাতে না পারায় দলের শুরুটা হচ্ছিল নড়বড়ে। তবে মরসুমের শেষ দিকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে রাহুল যখন ৬৫ বলে অপরাজিত ১১২ রানের এক অতিমানবিক ইনিংস খেলেন, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার আসল শক্তি লুকিয়ে আছে ওপেনিংয়েই।
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও রাহুলের এই পজিশন বদলের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। কাইফের মতে, রাহুলের ওপেনিং রেকর্ড বিশ্বমানের এবং তাকে ফিনিশার বা মিডল অর্ডার হিসেবে খেলিয়ে নষ্ট করা উচিত নয়। কাইফ আরও যোগ করেছেন যে, দলে এখন ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবসের মতো বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটাররা আছেন, তাই রাহুলের ওপর থেকে ইনিংস ফিনিশ করার চাপ কমিয়ে তাকে শুরু থেকেই হাত খুলে খেলার সুযোগ দেওয়া উচিত। এখন দিল্লির সামনে একমাত্র চ্যালেঞ্জ হলো রাহুলের যোগ্য ওপেনিং পার্টনার বেছে নেওয়া। অভিষেক পোড়েল না কি পৃথ্বী শ—কাকে দেখা যাবে রাহুলের পাশে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।