তৃণমূলের প্রার্থী তালিকায় মহাপ্রলয়! ৭৪ বিধায়ককে ছেঁটে ফেলে বড় চমক মমতার, কারা বাদ পড়লেন?

আসন্ন বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজতেই প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে বইছে প্রবল ঝড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই তালিকায় সবথেকে বড় চমক হলো ‘বাদ’ পড়াদের দীর্ঘ তালিকা। প্রায় ৭৪ জন বিদায়ী বিধায়ককে এবার টিকিট দেয়নি জোড়াফুল শিবির। বাদ পড়েছেন একাধিক হেভিওয়েট মন্ত্রী, দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক এবং বিনোদন জগৎ থেকে আসা বিধায়করা। মূলত স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা এবং তারুণ্যকে গুরুত্ব দিতেই মমতা-অভিষেক জুটি এই বড় সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের এবারের তালিকায় বড় ধাক্কা খেয়েছেন বিনোদন জগতের তারকারা। বাদ পড়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এবং শিবপুরের মনোজ তিওয়ারি। এছাড়াও তালিকায় নাম নেই জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর। শুধু সেলিব্রেটিরাই নন, বাদ পড়েছেন একাধিক পরিচিত মুখ। কামারহাটির দীর্ঘদিনের দাপুটে নেতা নির্মল ঘোষ, বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী এবং চুঁচুড়ার অসিত মজুমদারের মতো নামগুলো এবার বাতিলের খাতায়। তবে পানিহাটিতে নির্মল ঘোষ নিজে টিকিট না পেলেও, তাঁর ছেলেকে প্রার্থী করে পরিবারে ভারসাম্য বজায় রেখেছে দল।

তৃণমূল সূত্রের খবর, দুর্নীতির অভিযোগ এবং গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এবার কড়া অবস্থান নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের মতো নেতাদের ধারেকাছে ঘেঁষতে দেয়নি দল। তালিকায় জায়গা পাননি রত্না দে নাগ, সুপ্তি পাণ্ডে এবং এন্টালির প্রবীণ বিধায়ক স্বর্ণকমল সাহা। এমনকি বাদ পড়েছেন জ্যোৎস্না মান্ডি এবং তাজমূল হোসেনের মতো প্রতিমন্ত্রীদের নামও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতে এবং সংগঠনকে ‘ক্লিন ইমেজ’ দিতেই এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।