SIR-এ সাপ্লিমেন্টারি লিস্টে কত ভোটার বাদ পড়বে? বড় ইঙ্গিত দিলো কমিশন

বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও কয়েক লক্ষ ভোটারের ভাগ্য এখনও বিশ বাঁও জলে। তবে এই উদ্বেগের মাঝেই বড় খবর শোনাল নির্বাচন কমিশন। আগামী ২০ মার্চ (শুক্রবার) বা ২১ মার্চ (শনিবারের) মধ্যে প্রকাশিত হতে পারে ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List)।
২০ লক্ষ নামের নিষ্পত্তি, ৩০ শতাংশই বাদ! রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ‘বিবেচনাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under Adjudication) ক্যাটাগরিতে থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে কমিশনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই ২০ লক্ষের মধ্যে প্রায় ৩০ শতাংশ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে। বর্তমানে ৭০০ জনেরও বেশি জুডিশিয়াল অফিসার দিনরাত এক করে এই যাচাইয়ের কাজ চালাচ্ছেন।
সঙ্কটে হেভিওয়েট প্রার্থীরাও? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, রাজনৈতিক দলগুলির ঘোষিত প্রার্থীদের কয়েকজনের নামও রয়েছে এই ‘বিচারাধীন’ তালিকায়।
-
বিজেপি প্রার্থী: আউশগ্রামের কলিতা মাজি।
-
তৃণমূল প্রার্থী: শ্যামপুকুরের শশী পাঁজা, সাগরদিঘির বাইরন বিশ্বাস এবং গোয়ালপোখরের গোলাম রব্বানি। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম না থাকলে কেউ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন না। ফলে সাপ্লিমেন্টারি লিস্টে যদি সময়মতো তাঁদের নামের নিষ্পত্তি না হয়, তবে এই হেভিওয়েটদের লড়াই নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হবে।
আদালতের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কাজ চলছে। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে বৈঠকের পর ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে। ট্রাইব্যুনালে কোন বিচারক থাকবেন, তা আগামী দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে। মূলত যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাঁরা এই ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল আশ্বস্ত করেছেন যে, যাচাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে সমস্ত অভিযোগের নিষ্পত্তি সম্ভব কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এখন দেখার, ২০ ও ২১ মার্চের সাপ্লিমেন্টারি লিস্ট বাংলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে।