ফোন বা লাইন দেওয়ার দিন শেষ! এবার হোয়াটসঅ্যাপেই হবে LPG বুকিং; দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি

রান্নাঘরের গ্যাস ফুরিয়ে যাওয়া মানেই এখন এক রাশ দুশ্চিন্তা। একদিকে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী একটি সিলিন্ডার বুক করার ২৫ দিনের আগে দ্বিতীয়বার বুকিং করা যাচ্ছে না, অন্যদিকে বুকিংয়ের ঝক্কিও কম নয়। কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন আপনার স্মার্টফোনই হতে পারে সমাধান। লাইনে দাঁড়ানো বা বারবার ফোন করার দিন শেষ, এখন এক তুড়িতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করতে পারবেন আপনার রান্নার গ্যাস (LPG Cylinder)।

হোয়াটসঅ্যাপে বুকিংয়ের সহজ পদ্ধতি:
ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি—যে কোম্পানিরই গ্রাহক হোন না কেন, নিজের ফোনে সংশ্লিষ্ট কোম্পানির নম্বরটি সেভ করে নিলেই কেল্লাফতে। নিচে দেওয়া নম্বরগুলিতে কেবল “Hi” অথবা “REFILL” লিখে মেসেজ পাঠালেই আপনার স্ক্রিনে ধাপগুলি চলে আসবে।

ইন্ডেন গ্যাস (Indane): ৭৫৮৮৮ ৮৮৮২৪

এইচপি গ্যাস (HP Gas): ৯২২২২ ০১১২২

ভারত গ্যাস (Bharat Gas): ১৮০০ ২২ ৪৩৪৪

মিসড কল ও এসএমএস পরিষেবা:
ইন্টারনেট না থাকলেও চিন্তার কিছু নেই। রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মিসড কল বা ফোন করেও বুকিং সারা সম্ভব।

ইন্ডেন গ্রাহকরা কল করতে পারেন ৭৭১৮৯ ৫৫৫৫৫ নম্বরে।

ভারত গ্যাসের জন্য ডায়াল করুন ৭৭১৫০ ১২৩৪৫ বা ৭৭১৮০ ১২৩৪৫।

এইচপি গ্যাসের ক্ষেত্রে ৯৪৯৩৬ ০২২২২ নম্বরে একটি মিসড কল দিলেই বুকিং হয়ে যাবে।

মোবাইল অ্যাপের সুবিধা:
স্মার্টফোনে যদি অ্যাপ ব্যবহারে অভ্যস্ত হন, তবে তিনটি প্রধান গ্যাস কোম্পানিরই নিজস্ব অ্যাপ রয়েছে। গুগ্‌ল প্লে-স্টোর থেকে IndianOil One, Hello BPCL বা HP Pay অ্যাপ ডাউনলোড করে নিয়ে খুব সহজেই পেমেন্ট এবং বুকিং করা যায়। এর ফলে সিলিন্ডার ডেলিভারির সময় খুচরো টাকার সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, ২৫ দিনের বিধিনিষেধ মেনেই আপনাকে পরবর্তী সিলিন্ডারের পরিকল্পনা করতে হবে।