বিমানযাত্রীদের জন্য মোদী সরকারের বাম্পার উপহার! এবার ফ্লাইটের ৬০% আসন মিলবে একদম ফ্রিতে

ভারতের আকাশপথে যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিমানে পছন্দের আসন বেছে নেওয়ার নামে এতদিন যে অতিরিক্ত টাকা বা ‘হিডেন চার্জ’ নেওয়া হতো, তাতে এবার কড়া লাগাম টানা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি বিমানে অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে এই নিয়ম দ্রুত কার্যকর করার দায়িত্ব দিয়েছে সরকার।

একই পিএনআর-এ মিলবে পাশাপাশি সিট:
এতদিন দেখা যেত একই টিকিট বা পিএনআর-এ বুকিং করা সত্ত্বেও পরিবার বা বন্ধুদের আলাদা আলাদা সিটে বসিয়ে দেওয়া হতো, অথবা পাশাপাশি বসার জন্য মোটা টাকা দাবি করত বিমান সংস্থাগুলি। সরকারের নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, একই পিএনআর-এ থাকা যাত্রীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পাশাপাশি আসনের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে শিশু বা প্রবীণ নাগরিকদের নিয়ে যাতায়াতকারী পরিবারগুলির জন্য এই সিদ্ধান্ত এক বিশাল স্বস্তি।

স্বচ্ছতা আসবে পরিষেবা ও চার্জে:
শুধু আসন নয়, আরও একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়েছে কেন্দ্র:

পোষ্য ও সরঞ্জাম: বাদ্যযন্ত্র, খেলাধুলার সরঞ্জাম বা পোষ্য প্রাণী বহনের নিয়মাবলী অত্যন্ত পরিষ্কার ও সহজভাবে যাত্রীদের জানাতে হবে।

অধিকারের সচেতনতা: ফ্লাইট দেরি হলে বা বাতিল হলে যাত্রীদের কী কী আইনি অধিকার রয়েছে, তা বিমানবন্দর কাউন্টার, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

আঞ্চলিক ভাষা: সব তথ্য যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, তার জন্য ইংরেজি ও হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কেন এই পদক্ষেপ?
ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান বাজারে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৫ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের পকেটের বোঝা কমাতে এবং পরিষেবা আরও যাত্রী-বান্ধব করতে সরকার ‘উড়ান’ প্রকল্পের পাশাপাশি সস্তায় খাবার ও বিনামূল্যে ওয়াইফাই-এর মতো সুবিধাও চালু করেছে। নতুন এই নির্দেশিকা কার্যকর হলে সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ যেমন সাশ্রয়ী হবে, তেমনই বিমান সংস্থাগুলির মনমানিতেও ইতি পড়বে।