শেয়ার বাজারে বড় ধামাকা! ৭৬,৫০০ ছাড়াল সেনসেক্স, নিফটির লক্ষ্য এখন ২৪ হাজার?

মন্দার কালো মেঘ কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ভারতীয় শেয়ার বাজার (Stock Market News Live)। বুধবার সকাল থেকেই দালাল স্ট্রিটে বুলস বা তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের ইতিবাচক সঙ্কেত এবং আইটি সেক্টরের হাত ধরে হু হু করে বাড়ছে সেনসেক্স ও নিফটি ৫০ সূচক। সেনসেক্স ইতিমধ্যেই ৪০০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে ৭৬,৫০০-এর ঘরে থিতু হয়েছে। অন্যদিকে, নিফটি ১৫০ পয়েন্টের বেশি লাফিয়ে ২৩,৭৫০-এর লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে।
তেলের দামের চ্যালেঞ্জ ও বাজারের গতি:
বাজার ঘুরে দাঁড়ালেও বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে অপরিশোধিত তেলের দাম। ভারতীয় বাস্কেটে তেলের দর ১৪২ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ায় মুদ্রাস্ফীতির ভয় থেকেই যাচ্ছে। তা সত্ত্বেও নিফটি আইটি সূচক ২ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় বাজার চাঙ্গা রয়েছে। নিফটি ব্যাঙ্কও ইতিবাচক দিকে থাকলেও ৫৫,০০০-এর স্তরটি আপাতত বড় বাধা হিসেবে কাজ করছে।
স্টক মার্কেটের হালচাল:
ব্যক্তিগত স্টকের ক্ষেত্রে আজ সবথেকে বেশি চর্চায় রয়েছে ‘পিভিআর ইনক্স’ (PVR Inox)। আগামী ১৯শে মার্চ ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার আগে এই শেয়ারের দাম প্রায় ২% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমটিসি (MMTC)-র শেয়ারে ১২ শতাংশের বেশি উত্থান দেখা গেছে। তবে প্রোমোটাররা অংশীদারিত্ব বিক্রি করায় ‘সোয়ান ডিফেন্স’ লোয়ার সার্কিটে আটকে গিয়েছে এবং ‘ডি ডেভেলপমেন্ট’-এর শেয়ার ১০% হ্রাস পেয়েছে। টাকার দাম আজ কিছুটা পড়ে ৯২.৪২-এ লেনদেন শুরু করেছে। আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার গত সপ্তাহের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করলেও এখনও সর্বোচ্চ স্তর থেকে ৩৫% নিচে রয়েছে।