বঙ্গে বামেদের ঐতিহাসিক মহাজোট! লিবারেশনের ১০ প্রার্থীর তালিকায় ৬ জনই মহিলা, চমক দিলীপ-মমতার গড়ে

২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে চলেছে বাংলার মানুষ। মঙ্গলবার রাতে ১০টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএমএল লিবারেশন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দেওয়া প্রতিশ্রুতি মেনেই এবার লিবারেশন ও বামফ্রন্ট কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। দলের রাজ্য কমিটির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করে স্পষ্ট জানানো হয়েছে, বিজেপি-আরএসএস-এর ‘ফ্যাসিবাদী আগ্রাসন’ এবং শাসকদল তৃণমূলের ‘অপশাসন’—উভয়ের বিরুদ্ধেই এই জোটবদ্ধ লড়াই।
১০ আসনে প্রার্থী, মহিলা মুখেই ভরসা:
লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য অত্যন্ত গর্বের সঙ্গে জানিয়েছেন যে, তাঁদের ঘোষিত ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনই মহিলা। এক নজরে দেখে নিন প্রার্থী তালিকা:
ফাঁসিদেওয়া (ST): সুমন্তী এক্কা
ভরতপুর: জিন্নাতুন নাহার গুলশান বেগম
বহরমপুর: আবুল কাশেম শেখ
কৃষ্ণনগর দক্ষিণ: লাবনী জঙ্গি
নৈহাটি: দেবজ্যোতি মজুমদার
বজবজ: কাজল দত্ত
রাসবিহারী: মানস ঘোষ
ধনেখালি (SC): রুমা আহেরী
বিষ্ণুপুর: তিতাস গুপ্ত
পূর্বস্থলী দক্ষিণ: জিয়াদুল সেখ
কমিশনকে কড়া আক্রমণ ও বৃহত্তর বাম ঐক্য:
প্রার্থী ঘোষণার মঞ্চ থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন লিবারেশন নেতা অভিজিৎ মজুমদার। তাঁর দাবি, লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে এবং জীবিত মানুষকে মৃত দেখিয়ে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে, যা গণতন্ত্রের ওপর চরম আঘাত। তিনি সাফ জানান, যেখানে বামফ্রন্ট বা লিবারেশনের প্রার্থী থাকবে না, সেখানে বিজেপি-তৃণমূল বিরোধী শক্তি হিসেবে SUCI-এর প্রার্থীদেরও সমর্থন জানানো হতে পারে। ২০২১-এ একতরফা সমর্থন জানালেও, এবার বামফ্রন্টের সঙ্গে এই আনুষ্ঠানিক নির্বাচনী বোঝাপড়া বাংলার রাজনীতিতে এক নতুন মোড় আনবে বলেই বিশ্বাস বাম শিবিরের।