“বাবার সঙ্গে ঝগড়া হলে কি পাশের বাড়ির কাকুকে বাবা ডাকবে?” শতরূপ ঘোষের নিশানায় কে?

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠলেও বামেদের প্রার্থী তালিকায় বড় চমক। সিপিআইএম-এর প্রথম দফার তালিকায় নাম নেই দলের পরিচিত মুখ শতরূপ ঘোষের। ২০১১ থেকে ২০২১—টানা তিনবার কসবা কেন্দ্র থেকে লড়াই করলেও এবার নির্বাচনী ময়দান থেকে দূরেই রাখা হয়েছে তাঁকে। কেন তিনি প্রার্থী হলেন না? এই নিয়ে বুধবার মুখ খুললেন খোদ শতরূপ।
“সিপিআইএম নেতা-নির্ভর দল নয়”:
টিকিট না পাওয়া প্রসঙ্গে শতরূপ ঘোষের সাফ কথা, “আমাদের দল কোনো ব্যক্তি বা নেতার ওপর নির্ভর করে চলে না।” তবে কসবা কেন্দ্রে তাঁর জায়গায় যাঁকে ভাবা হচ্ছে, সেই প্রতীকুর রহমান সম্পর্কেও অকপট তিনি। শতরূপ বলেন, “প্রতীকুর লড়াকু ছেলে ঠিকই, কিন্তু ও এত বড় জননেতা নয় যে দাঁড়ালেই জিতে যাবে। আগে ওর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা ওর দোষ নয়, আমাদের দলের ব্যর্থতা। সত্যি বলতে, আমি দাঁড়ালেও এবার জিততাম না।” নিজের হারের সম্ভাবনা মেনে নিয়ে শতরূপের এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
“পাশের বাড়ির কাকু” কটাক্ষ:
বক্তৃতায় বরাবরই ধারালো শতরূপ এদিন দলবদলু নেতাদের তীব্র আক্রমণ করেন। নাম না করে এক সময়ের সতীর্থদের বিঁধে তিনি বলেন, “দলে থাকাকালীন একরকম রুচিতে কথা বলত, এখন অন্য দলে গিয়ে ভাষা বদলে গিয়েছে। একটা জিনিস বুঝি, নিজের বাবার সঙ্গে ঝগড়া হলে কেউ পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকে না। যদি কেউ সেটা করে, তবে বুঝতে হবে এর পিছনে অন্য কোনো গল্প আছে।”
তিনবার ভোটে দাঁড়িয়েও জয়ের মুখ না দেখা শতরূপ এবার প্রার্থীর বদলে নিজেকে ‘স্টার ক্যাম্পেনার’ হিসেবেই তুলে ধরছেন। সারা রাজ্যজুড়ে বাম প্রার্থীদের হয়ে প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। প্রার্থী না হয়েও কি তবে দলের রণকৌশলে বড় ভূমিকা নিচ্ছেন এই তরুণ নেতা? উঠছে প্রশ্ন।