২১ শে মমতাকে হারানোর কারিগর নন্দীগ্রামে TMC প্রার্থী, জেনেনিন কে পবিত্র কর?

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টার ব্যবধানে যে পাশা উল্টে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল নন্দীগ্রাম। মঙ্গলবার সকালে যা ছিল জল্পনা, বিকেলে তা-ই বাস্তবে রূপ নিল। নন্দীগ্রামে বিজেপি-র হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস হিসেবে উঠে এলেন এমন একজন নাম, যা রাজনৈতিক মহলে কার্যত ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। তিনি— পবিত্র কর।
সকালে যোগদান, বিকেলেই কেল্লাফতে! মঙ্গলবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন পবিত্র। আর বিকেলেই তাঁর নাম ঘোষণা করা হলো নন্দীগ্রামের প্রার্থী হিসেবে। যে পবিত্র কর একসময় শুভেন্দুর জয়ের কারিগর ছিলেন, আজ তিনিই শুভেন্দুর প্রধান প্রতিপক্ষ।
কে এই পবিত্র কর? কেন তাঁকে নিয়ে এত আলোচনা? পবিত্র করের প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কোনও সাধারণ রাজনৈতিক কর্মী নন।
-
শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্ত: একসময় শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।
-
বিজেপির সাংগঠনিক স্তম্ভ: তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির সহ-সভাপতি ছিলেন।
-
হিন্দুত্বের তাস: কট্টর হিন্দুত্বের রাজনীতির মুখ হিসেবে তিনি ‘সনাতনী সেনা’ নামে নিজস্ব সংগঠন গড়ে তুলেছিলেন।
-
মাস্টারমাইন্ড: ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের নেপথ্যে হিন্দু ভোট একত্রিত করার যে কৌশল ছিল, পবিত্র কর ছিলেন তার অন্যতম প্রধান কারিগর।
কেন পবিত্রকেই বাছলেন অভিষেক? তৃণমূলের এই সিদ্ধান্তের পিছনে দুটি অংক কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা: ১. ঘরের তথ্য বাইরে: শুভেন্দু অধিকারীর শক্তি এবং দুর্বলতা—দুইই পবিত্রর নখদর্পণে। নন্দীগ্রামের বুথ স্তরের বিন্যাস এবং ভোটিং ট্রেন্ড তাঁর চেয়ে ভালো আর কেউ জানেন না। শুভেন্দুর ‘গড়’ ভেঙে তাঁরই সেনাপতিকে প্রার্থী করে বিজেপিকে মানসিক চাপে ফেলার কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। ২. মনস্তাত্ত্বিক লড়াই: শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী। তৃণমূলের ধারণা, তুলনামূলক কম পরিচিত মুখ দেখে শুভেন্দু হয়তো নন্দীগ্রাম নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভবানীপুরে বেশি সময় দেবেন। আর সেই ফাঁকেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে ‘জায়ান্ট কিলার’ হওয়ার চেষ্টা করবেন পবিত্র।
সেটিং তত্ত্বের গুঞ্জন: তবে রাজনীতির অন্দরে অন্য সুরও শোনা যাচ্ছে। বিরোধী শিবিরের একাংশের দাবি, এর মধ্যে ‘সেটিং’ থাকতে পারে। তাঁদের মতে, শুভেন্দুর বিরুদ্ধে পরিচিত মুখ না দিয়ে তৃণমূল কি প্রকারান্তরে তাঁকে ওয়াকওভার দিচ্ছে? যাতে শুভেন্দুও ভবানীপুরে মমতার বিরুদ্ধে কিছুটা নমনীয় থাকেন?
নন্দীগ্রামের এই প্রেস্টিজ ফাইটে শেষ পর্যন্ত কার শেষ হাসি থাকবে, তা সময় বলবে। তবে পবিত্র কর যে শুভেন্দুর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন, তা বলাই বাহুল্য।