ঈশান না কি জিতেশ? টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে বিস্ফোরক খোলসা অধিনায়ক সূর্যকুমারের!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর খেতাব জিতে ইতিহাস গড়েছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম আয়োজক দেশ হিসেবে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দীর্ঘদিন যে গুঞ্জন ছিল, এবার তা নিয়ে মুখ খুললেন খোদ অধিনায়ক। জিতেশ শর্মার পরিবর্তে ঈশান কিষাণকে দলে নেওয়াটা যে পুরোপুরি তাঁরই সিদ্ধান্ত ছিল, তা অকপটে স্বীকার করলেন স্কাই (SKY)।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেন, “ঈশানকে দলে নেওয়ার কলটা আমার ছিল। আমি জানি জিতেশের জন্য খারাপ লেগেছে, কারণ ও বছরভর দলের সঙ্গে ছিল। কিন্তু আমাদের একজন আক্রমণাত্মক ‘এক্স ফ্যাক্টর’ ওপেনার প্রয়োজন ছিল।” সূর্য আরও জানান, তিনি ঈশানকে জিজ্ঞেস করেছিলেন, ‘ছোটু, বিশ্বকাপ জেতাবে?’, পাল্টা ঈশান আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। শেষ পর্যন্ত ঈশান ৯ ম্যাচে ৩১৭ রান করে ১৯০ স্ট্রাইক রেটে নিজেকে প্রমাণ করেছেন।

পাশাপাশি টুর্নামেন্টের সেরা সঞ্জু স্যামসনেরও ভূয়সী প্রশংসা করেছেন সূর্য। তিনি জানান, শুরুতে একাদশে সুযোগ না পেলেও পরে যেভাবে সঞ্জু নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তা দলের জয়ের পেছনে বড় অবদান রেখেছে। জিতেশের বাদ পড়া নিয়ে দুঃখ থাকলেও দলগত সাফল্যের স্বার্থে যে সূর্যের এই ‘রিস্ক’ নেওয়াটা সার্থক হয়েছে, তা আজ প্রমাণিত।