খড়গপুর সদরেই ‘ঘরের ছেলে’ দিলীপ! নন্দীগ্রামের পাশাপাশি মমতার গড়েও প্রার্থী শুভেন্দু, বিজেপির তালিকায় বড় চমক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। প্রকাশিত প্রথম ১৪৪টি আসনের তালিকায় দেখা গেল, পুরনো কেন্দ্র খড়গপুর সদর থেকেই ফের লড়াইয়ে নামছেন দিলীপ ঘোষ। তবে সবথেকে বড় চমক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। তিনি এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন— নিজের কেন্দ্র নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর।

দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব নিয়ে গত কয়েক বছরে প্রচুর জল্পনা হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হারের পর তাঁকে সেভাবে দলের কর্মসূচিতে দেখা যায়নি। তবে এবার ‘ভূমিপুত্র’ দিলীপকে তাঁর পুরনো দুর্গেই ফিরিয়ে আনল দল। অন্যদিকে, শুভেন্দুর দুই আসনে লড়াই প্রসঙ্গে দিলীপ জানান, মোদি-রাহুলের মতো শীর্ষ নেতারাও দুই আসন থেকে লড়েন, তাই পার্টি যা মনে করেছে সেই সিদ্ধান্তই ঠিক।

বিজেপির এই তালিকায় বর্তমান ৪১ জন বিধায়ককে ফের টিকিট দেওয়া হয়েছে, যদিও বাদ পড়েছেন ৮ জন। উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), শিখা চট্টোপাধ্যায় (ডাবগ্রাম ফুলবাড়ি) এবং মালতী রাভা রায়ের (তুফানগঞ্জ) মতো চেনা মুখদের ওপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। এখন দেখার, চেনা পিচে দিলীপ ঘোষ আর ভবানীপুরের মেগা ফাইটে শুভেন্দু অধিকারী কতটা সফল হন।