“বাচ্চা মায়ের কাছে নিরাপদ নয়!” তিন মাসের শিশুর মায়ের মাদকাসক্তি নিয়ে বিস্ফোরক পরীমনি, নেপথ্যে কে?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে ব্যস্ত সময় কাটানো এই অভিনেত্রী মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন। জনৈক এক নারীর মাদকাসক্তি এবং একটি তিন মাসের শিশুর নিরাপত্তা নিয়ে পরীর এই পোস্ট এখন টলিপাড়ার সবচেয়ে বড় গসিপ।

কী লিখেছেন পরীমনি?

ফেসবুক পোস্টে এক মহিলার অন্ধকার জীবনের চিত্র তুলে ধরে পরীমনি লিখেছেন, “বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মাকে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনও ভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে।”

কাউকে সরাসরি আক্রমণ না করলেও পরী সেই মহিলাকে সতর্ক করে দিয়ে লেখেন, “আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে। আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে… নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও।”

রহস্যময়ী নারীটি কে?

পরীর এই পোস্টের পর নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। কে সেই নারী যার স্বামী জেলে এবং যিনি নিজে মাদকাসক্ত? নেটিজেনরা মন্তব্য ঘরে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক ভক্তের কমেন্টের জবাবে পরী জানিয়েছেন, তিনি শিশুটিকে বাঁচানোর সবরকম চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

ব্যক্তিগত জীবন ও পরীর সংগ্রাম

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন পরীমনি। ২০১০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তাঁর একাধিক বিয়ে ও বিচ্ছেদের খবর শিরোনামে এসেছে। সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তিনি এখন একা হাতে ছেলে রাজ্য এবং তাঁর দত্তক নেওয়া কন্যাকে মানুষ করছেন।

নিজের জীবনে হাজারো চড়াই-উতরাই থাকলেও, অন্য এক শিশুর জীবন বাঁচাতে পরীর এই ‘রণংদেহী’ রূপ দেখে ভক্তরা তাঁকে বাহবা দিচ্ছেন। এখন দেখার বিষয়, পরীর এই হুঁশিয়ারির পর সেই রহস্যময়ী নারী নিজের ভুল শুধরে নেন কি না।