তেলের রিজার্ভে টান? হরমুজ সংকটের মাঝেই পিএনজি ব্যবহারে বড় ছাড়ের ঘোষণা মোদী সরকারের

হরমুজ প্রণালীতে চলা যুদ্ধের উত্তাপ এবার সরাসরি ভারতীয় রান্নাঘরে। এলপিজি সিলিন্ডারের সম্ভাব্য সংকট এড়াতে এবার পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি (PNG) ব্যবহারে কোমর বেঁধে নামছে কেন্দ্রীয় সরকার। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দেশবাসীকে এলপিজির পরিবর্তে পিএনজি ব্যবহারের আর্জি জানিয়েছে। বিশেষ করে যে সব এলাকায় পাইপলাইনের পরিকাঠামো রয়েছে, সেখানে দ্রুত কানেকশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের যৌথ সচিব সুজাতা শর্মা জানান, ঘরোয়া গ্রাহকদের উৎসাহিত করতে একাধিক ভর্তুকি ও ছাড়ের কথা ভাবা হয়েছে। যেমন, ‘ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড’ ঘোষণা করেছে যে ৩১ মার্চের মধ্যে নতুন কানেকশন নিলে ৫০০ টাকার গ্যাস বিনামূল্যে মিলবে। একইভাবে গেইল (GAIL) এবং ভারত পেট্রোলিয়ামও নানা আকর্ষণীয় অফার দিচ্ছে। বাণিজ্যিক শহর মুম্বইয়ের জন্য আরও বড় স্বস্তি—সেখানে পিএনজি কানেকশনে কোনও ‘সিকিউরিটি ডিপোজিট’ লাগবে না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর মুম্বইতেই প্রথম এলপিজি সংকট দেখা দিয়েছিল, যার ফলে ২০ শতাংশ হোটেল-রেস্তরাঁ বন্ধ হওয়ার উপক্রম হয়। যদিও সরকার দাবি করছে এলপিজি উৎপাদন ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবুও সূত্রের খবর, ভারতের এলপিজি রিজার্ভে টান পড়ছে। ভারত তার চাহিদার ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল, যার সিংহভাগই আসে হরমুজ প্রণালী দিয়ে। এই ঝুঁকি এড়াতেই আমেরিকা, নরওয়ে ও রাশিয়া থেকে আমদানির পাশাপাশি দেশে পিএনজি নেটওয়ার্ককে শক্তিশালী করতে চাইছে দিল্লি।