২৯৪ আসনেই কি আজ নাম ঘোষণা মমতার? বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের টিকিট পাওয়া নিয়ে চরম সংশয়

২০২৬-এর বঙ্গযুদ্ধের দামামা বাজতেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই সবার নজর কালীঘাটের দিকে, কারণ আজই ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। বেলা ১১টায় তৃণমূলের হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সূত্রের খবর, এবারের তালিকায় আসতে পারে বড়সড় রদবদল। বাদ পড়ার তালিকায় সবথেকে বড় নাম হতে পারে বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং সোনারপুরের লাভলি মৈত্র। উল্টোদিকে, নতুন মুখ হিসেবে কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী তালিকায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, প্রশাসনিক স্তরেও বড় খবর সামনে এসেছে। রাজ্যের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে তামিলনাড়ুর নির্বাচন পর্যবেক্ষক (Observer) হিসেবে নিয়োগ করল কমিশন। কয়েকদিন আগেই তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে তাঁকে প্রশিক্ষণের জন্য দিল্লিতে পাঠানো হলেও, প্রশাসনিকভাবে ধোঁয়াশা ছিল। তবে ভোট ঘোষণা হতেই কমিশন তাঁকে সরিয়ে এবার ভিনরাজ্যে বড় দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে।
সোমবার বিজেপি এবং সিপিএম তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়াল লিখনে নেমে পড়েছে। পিছিয়ে থাকতে নারাজ তৃণমূলও। ঘাসফুল শিবির সূত্রে খবর, আজই একসঙ্গে সবকটি আসনের নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নাম বাদ গেলে তা যে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, কালীঘাটের ঝুলি থেকে কাদের নাম বেরিয়ে আসে।