“হাওড়াকে ডাস্টবিন বানিয়েছে তৃণমূল!” বড় ব্যবধানে জেতার চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি প্রার্থী রুদ্রনীল

২০২৬-এর বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েই প্রচারে ঝড় তুললেন অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। ২০২১ সালে ভবানীপুরে হারের পর এবার নিজের চেনা মাটিতে দাঁড়িয়ে রুদ্রনীলের দাবি, শিবপুরের ‘ঘরের ছেলে’ ঘরে ফিরে আসায় তিনি বাড়তি অক্সিজেন পাচ্ছেন। প্রার্থী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি সরাসরি তোপ দেগেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

রুদ্রনীল জানান, “যেখানে বড় হয়ে ওঠা, যেখানে ছাত্র রাজনীতি ও থিয়েটার শেখা, সেই মাটিতে ফিরে আসার আনন্দই আলাদা। শিবপুরের মানুষ আমার ভোটার নন, তাঁরা আমার কাকু, জেঠু, মাসি বা বন্ধু।” আবেগপ্রবণ রুদ্রনীল আরও যোগ করেন যে, তিনি আজও শিবপুরেরই ভোটার, কখনও তাঁর ভোটার কার্ড বদলাননি। এই মাটির টানেই তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।

তবে কেবল আবেগ নয়, আক্রমণাত্মক মেজাজে তৃণমূলকে বিঁধতে ছাড়েননি রুদ্রনীল। তাঁর অভিযোগ, “তৃণমূল হাওড়া কর্পোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়েছে। ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দেওয়া হয়েছে। মানুষের দুঃখ দেখার সময় নেই এমএলএ বা কাউন্সিলরদের। পুকুর ভরাট আর তোলাবাজিই তাঁদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।” হাওড়ার মানুষ এই নরক গুলজার পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে বিজেপি-র ওপর ভরসা রাখবে বলেই তাঁর বিশ্বাস। দীর্ঘদিনের কংগ্রেস ও তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত শিবপুরে এবার গেরুয়া ঝাণ্ডা উড়বে কি না, তা নিয়ে এখন টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে।