আজব খেলা প্রকৃতির! কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই ফের বৃষ্টির ভ্রুকুটি, আজ কোথায় কোথায় দুর্যোগ?

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় যেন বসন্তের মাঝেই বর্ষার মেজাজ। মঙ্গলবার সন্ধ্যায় মরশুমের প্রথম কালবৈশাখী এবং শিলাবৃষ্টিতে ভেজার পর আজ, বুধবারও স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।
বুধবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মূলত মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার মেজাজ আরও বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গতরাতের বৃষ্টির জেরে ভোরের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদে দিনের অনেকটা সময় আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। মঙ্গলবার রাতের বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ কিছুটা নামলেও, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই অস্থিরতা আরও কয়েকদিন বজায় থাকবে। ভরা বসন্তে এই অকাল বৃষ্টি চাষাবাদের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়ালেও, চড়তে থাকা গরম থেকে সাধারণ মানুষকে সাময়িক মুক্তি দিয়েছে।