ডিএ ধামাকা! এককালীন ৫-৬ লক্ষ টাকা পাবেন সরকারি কর্মীরা? কার অ্যাকাউন্টে কত ঢুকবে দেখুন

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পর অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটানোর ঐতিহাসিক প্রক্রিয়া শুরু করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২০০৯ সালের রোপা (ROPA) কাঠামো অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানো শুরু হবে চলতি মার্চ মাস থেকেই। সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীদের মধ্যে খুশির বন্যা বয়ে গেলেও, আসল কৌতূহল এখন হিসাব নিয়ে—ঠিক কত টাকা ঢুকবে কার অ্যাকাউন্টে?

হিসাব বলছে, এই বকেয়া মেটানোর ফলে কর্মীরা এককালীন মোটা অঙ্কের টাকা পেতে চলেছেন। নিচুতলার গ্রুপ-ডি কর্মীরা আনুমানিক ১ থেকে ১.৫ লক্ষ টাকা পেতে পারেন। তবে সর্বনিম্ন বেতনভোগী গ্রুপ-ডি কর্মীদের ক্ষেত্রে এই অঙ্ক ৪ লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। এমনকি যাঁরা মাসে ৭-৮ হাজার টাকা পেনশন পান, তাঁরাও প্রায় ১ লক্ষ টাকা বকেয়া পাবেন। অন্যদিকে, গ্রুপ-সি কর্মীরা গড়ে ২ লক্ষ টাকা এবং দীর্ঘ মেয়াদে চাকরি করলে ৬ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। উচ্চপদস্থ গ্রুপ-এ আধিকারিকদের হাতে আসতে পারে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা।

তবে টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছে অর্থ দপ্তর। মোট বকেয়া দুটি সমান কিস্তিতে দেওয়া হবে—প্রথমটি মার্চ ২০২৬-এ এবং দ্বিতীয়টি সেপ্টেম্বর ২০২৬-এ। এর মধ্যে সবথেকে বড় চমক হলো গ্রুপ-ডি কর্মীদের জন্য। তাঁদের বকেয়া টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে (Cash) জমা হবে। তবে গ্রুপ-এ, বি এবং সি কর্মীদের ক্ষেত্রে টাকা জমা হবে তাঁদের জিপিএফ (GPF) অ্যাকাউন্টে, যা আগামী ২৪ মাস তোলা যাবে না। বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির পর্যবেক্ষণে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের এই বকেয়া মেটানো হচ্ছে। সরকারি কর্মীদের দীর্ঘ আন্দোলনের এই জয়কে ঐতিহাসিক হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।