আইপিএলে বড় ধামাকা! কামিন্স আউট, সানরাইজার্সের নতুন ‘নবাব’ হচ্ছেন ঈশান কিষাণ?

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভূমিকম্প সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। অজি স্পিডস্টার প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আর সেই শূন্যস্থান পূরণে বড় চমক দিতে চলেছে অরেঞ্জ আর্মি। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আসন্ন আইপিএল মরশুমে প্যাট কামিন্সের পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতে চলেছেন ভারতের বিধ্বংসী ওপেনার ঈশান কিষাণ।

গত বছরের জুলাই মাস থেকেই পিঠের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। চোটের কারণে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর ফিটনেস নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তাতে কোটিপতি লিগের আসন্ন সংস্করণে তাঁর মাঠে নামা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের বাঁ-হাতি ব্যাটার ঈশান কিষাণকেই দলের নতুন কান্ডারি হিসেবে বেছে নিতে চাইছে হায়দরাবাদ থিঙ্কট্যাঙ্ক। শুধু তাই নয়, ঈশানের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য অভিষেক শর্মা।

জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই ঈশান কিষাণ রুদ্রমূর্তি ধারণ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেও তাঁর রানের খিদে ছিল দেখার মতো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনাল-সহ বিশ্বকাপের তিনটি ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টুর্নামেন্টে ১৯৩ স্ট্রাইক-রেটে ৩১৭ রান করে ভারতের দ্বিতীয় সর্বাধিক রানশিকারি ছিলেন তিনি। আইপিএলের মঞ্চেও ঈশানের পারফরম্যান্স চোখধাঁধানো। ১১৯ ম্যাচে প্রায় ৩০০০ রান এবং ১৩৭.৬৪ স্ট্রাইক-রেট তাঁর মারকুটে ব্যাটিংয়ের প্রমাণ দেয়।

২০২৫-এর মেগা নিলামে ১১.২৫ কোটি টাকায় সানরাইজার্সে যোগ দিয়েছিলেন ঈশান। গত মরশুমে ১৪ ম্যাচে ১৫২.৫৮ স্ট্রাইক-রেটে ৩৫৪ রান করেছিলেন তিনি। যদি শেষ পর্যন্ত ঈশানের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়, তবে তিনি হবেন সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পূর্ণসময়ের ভারতীয় অধিনায়ক। কামিন্সের অনুপস্থিতিতে ঈশান-অভিষেক জুটি হায়দরাবাদকে চ্যাম্পিয়নের স্বাদ দিতে পারে কি না, এখন সেটাই দেখার।