জামাই বলে রেয়াত নেই! বাংলাদেশের কাছে হারতেই শাহিন আফ্রিদিকে ধুয়ে দিলেন শ্বশুর শাহিদ

বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে পাকিস্তান ক্রিকেটে এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে। শাহিন আফ্রিদিদের লজ্জাজনক পারফরম্যান্সের পর প্রাক্তনীরা যখন আক্রমণ শানাচ্ছেন, তখন সেই তালিকায় যোগ দিলেন খোদ শাহিদ আফ্রিদি। নিজের জামাই শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব এবং পিসিবি-র (PCB) নির্বাচক কমিটির দূরদর্শিতা নিয়ে কড়া ভাষায় তোপ দাগলেন প্রাক্তন পাক অধিনায়ক। ২০২৬ টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর এই হার পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচকদের আক্রমণ: একটি ভাইরাল ভিডিওতে আফ্রিদি সরাসরি নির্বাচক কমিটিকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর প্রশ্ন, “কমিটির সবাই ক্রিকেট খেলেও কেন বোঝেন না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত?” ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলে আফ্রিদি বলেন, “যাঁরা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেনি বা ঘরোয়া ক্রিকেটে লড়াই করেনি, তাঁদের রাতারাতি জাতীয় দলের টুপি দেওয়া হচ্ছে। এটা ভুল সংশোধন নয়, এটা আসলে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করা।”

বাবর ও সিনিয়রদের পাশেই শাহিদ: সংশোধনের নামে বাবর আজম বা সিনিয়র প্লেয়ারদের ব্রাত্য করার সিদ্ধান্তের ঘোর বিরোধী আফ্রিদি। তাঁর মতে, টি-২০-তে খারাপ খেললেও ওয়ানডে ফরম্যাটে সিনিয়রদের রেকর্ড যথেষ্ট ভালো। তাঁদের বাদ দিয়ে অনভিজ্ঞ তরুণদের সরাসরি জাতীয় দলে আনাকে বড় ভুল বলে মনে করছেন তিনি। শাহিদের সাফ কথা, “আগে নির্বাচক কমিটির ওপর সার্জারি চালানো উচিত, তারপর প্লেয়ারদের ওপর।”