‘তন্দুরি মুরগি’ গান গাইতে নারাজ! নারীদের অসম্মান রুখতে বড় সিদ্ধান্ত শ্রেয়ার, দিলেন গান ছাড়ার ইঙ্গিত

অরিজিৎ সিংহর সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় ইঙ্গিত দিলেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন, তিনি অরিজিতের সাহসী সিদ্ধান্তকে কেবল সমর্থনই করেন না, বরং নিজেও এবার একটা বিরতি নেওয়ার কথা ভাবছেন। সঙ্গীত জগতের এই দুই মহাতারকার এমন সিদ্ধান্তে কার্যত স্তম্ভিত অনুগামীরা।
কেন এই সিদ্ধান্ত? শ্রেয়া জানিয়েছেন, অরিজিৎ একজন সত্যিকারের শিল্পী বলেই অর্থ বা খ্যাতির কথা না ভেবে নিজের আনন্দের জন্য গান ছাড়ার সাহস দেখাতে পেরেছেন। পাশাপাশি ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন শ্রেয়া। তিনি বলেন, “বর্তমানে বহু শিল্পী লিপ-সিঙ্ক করে গান গাইছেন। যেদিন আমায় এই কাজ করতে হবে, সেদিন আমি পুরোপুরি গান গাওয়া ছেড়ে দেব।” গায়িকার স্পষ্ট বার্তা, সঙ্গীতের বিশুদ্ধতা বজায় না থাকলে তিনি এই পেশায় থাকতে চান না।
আইটেম সং নিয়ে কড়া অবস্থান: শ্রেয়া আরও জানিয়েছেন, তিনি আর ‘চিকনি চামেলি’-র মতো আইটেম সং গাইবেন না। তাঁর মতে, এ ধরণের গানে নারীদের ‘অবজেক্টিফাই’ করা হয়। একটি গানের লিরিক্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমি তন্দুরি মুরগি, আমায় মদ দিয়ে খেয়ে নাও— এই ধরণের কুরুচিকর কথার গান আমার শিশুদের সামনে গাইতে অস্বস্তি হয়।” সাফল্যের শিখরে থেকেও আদর্শের টানে এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় শ্রেয়াকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।