‘মধ্যরাতে গুপ্ত তাণ্ডব!’ মুখ্যসচিবকে সরাতেই অগ্নিশর্মা মমতা, কমিশনকে ‘বিজেপির দালাল’ বলে তোপ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মাঝরাতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার ঘটনায় কার্যত ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। সোমবার এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে তিনি একে বিজেপির ‘চক্রান্ত’ এবং ‘গুপ্ত তাণ্ডব’ বলে অভিহিত করেন।

মমতার ক্ষোভের কারণ: মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে এই বদলি করা হয়েছে। তিনি বলেন, “রাত্রি ১টার সময় মেসেজ পেলাম। মধ্যরাতে ছুপারুস্তমের মতো পর্দার আড়াল থেকে তাণ্ডব চলছে। নন্দিনী চক্রবর্তী একজন দক্ষ বাঙালি মহিলা অফিসার ছিলেন। আপনারা শুধু অ্যান্টি-বেঙ্গলি নন, আপনারা অ্যান্টি-ওম্যানও।” মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন রাজ্য সরকারের কাছে নামের তালিকা চাওয়া হলো না? তাঁর দাবি, বিজেপিকে সন্তুষ্ট করতেই কমিশন এই ‘জমিদারি’ চালাচ্ছে।

অফিসারদের প্রতি বার্তা: শুধু বাঙালি অফিসার নয়, ডিজি পীযূষ পাণ্ডে বা বিনীত গোয়েলের মতো অ-বাঙালি অফিসারদের বদলি নিয়েও সরব হন তিনি। কমিশনকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “যাঁদের পাঠাচ্ছেন তাঁরাও আমাদের হয়েই কাজ করবেন। দেড় মাসের জন্য ডিএম, এসপি চেঞ্জ করবেন, কিন্তু মানুষের মন বদলাতে পারবেন না। বিনাশকালে বিপরীত বুদ্ধি।”