পোস্ট অফিসের বড় ধামাকা! ১ দিনেই পৌঁছে যাবে পার্সেল, ক্যুরিয়ার সংস্থাগুলোর ঘুম ওড়াতে আসছে ‘২৪ স্পিড পোস্ট

আধুনিক প্রযুক্তির যুগে চিঠিপত্র আদানপ্রদান কমলেও, ভোল বদলে ফের স্বমহিমায় ফিরছে ভারতীয় ডাকঘর বা ইন্ডিয়া পোস্ট। এবার ব্যক্তিগত ক্যুরিয়ার সংস্থাগুলিকে কড়া টক্কর দিতে এক বৈপ্লবিক পরিষেবা চালু করতে চলেছে তারা। যার নাম দেওয়া হয়েছে ‘২৪ স্পিড পোস্ট’। এই পরিষেবার মাধ্যমে আপনার পার্সেল বা যেকোনো কনসাইনমেন্ট মাত্র ১ দিনের মধ্যেই পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে।
পরিষেবার বিশেষত্ব: আপাতত পরীক্ষামূলকভাবে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ—দেশের এই প্রধান ৬টি মেট্রো শহরে এই পরিষেবা শুরু হচ্ছে। সরকারি তকমা থাকায় এই পরিষেবায় সাধারণ মানুষের ভরসা অনেক বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। শুধু দ্রুত গতিই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে এই ডেলিভারি হবে সম্পূর্ণ ওটিপি (OTP) ভিত্তিক। অর্থাৎ সঠিক প্রাপকের হাতে পার্সেল পৌঁছানো নিশ্চিত করবে পোস্ট অফিস।
আসছে ‘৪৮ স্পিড পোস্ট’-ও: ২৪ ঘণ্টার পরিষেবার পাশাপাশি ‘৪৮ স্পিড পোস্ট’ নামে আরও একটি পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে ইন্ডিয়া পোস্ট। খাম হোক বা ভারী মালপত্র—সুরক্ষিত এবং দ্রুততম উপায়ে পৌঁছে দেওয়াই এখন ডাকঘরের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, ই-কমার্স সাইটগুলির ডেলিভারির যুগে পোস্ট অফিসের এই পদক্ষেপ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াবে।