‘বিজেপির গ্যাস খেয়ে গ্যাস বেলুন হবেন না!’ প্রার্থী তালিকা ভুলে রাজপথে মমতা, কাকে দিলেন চরম হুঁশিয়ারি?

ভোটের দামামা বাজতেই যখন বিরোধীরা প্রার্থী তালিকা নিয়ে ব্যস্ত, তখন রাজপথে নেমে শক্তিপ্রদর্শন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলে হাঁটেন তিনি। যুদ্ধের আবহে দেশজুড়ে তৈরি হওয়া রান্নার গ্যাসের তীব্র সংকট এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের প্রতিবাদে আজ কার্যত অগ্নিশর্মা মেজাজে ধরা দিলেন দিদি।
কাকে নিশানা মমতার? ডোরিনা ক্রসিং-এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এক প্রভাবশালী ব্যক্তিত্বকে কড়া আক্রমণ করেন। তিনি বলেন, “আজ যে বড় কথা বলছেন, তাঁকে আমি অনেক সাহায্য করেছি। দলের ঊর্ধ্বে গিয়েও সাহায্য করেছি। বিজেপির গ্যাস খেয়ে, গ্যাস বেলুন হবেন না!” রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে তিনি কোনো দলত্যাগী বা হেভিওয়েট বিরোধী নেতাকেই বিঁধেছেন। পাশাপাশি হুঙ্কার দিয়ে বলেন, “আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও, ২০২৬-এ তোমাদের সরকার পড়ে যাবে।”
কমিশন ও এজেন্সি নিয়ে তোপ: রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে রাতারাতি সরিয়ে দেওয়ার ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন মমতা। একই সঙ্গে ডিজি এবং সিপি পদ থেকে পুলিশকর্তাদের অপসারণ নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। মমতার সাফ কথা, “কাকে ভয় দেখাচ্ছেন? এজেন্সি দিয়ে ধমকানি-চমকানি দিয়ে তৃণমূলকে দমানো যাবে না। তৃণমূলের মতো একটা পার্টি দেশে দেখান যারা মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত।” গ্যাস সংকট মেটাতে নবান্নে হেল্পলাইন ডেস্ক ও বিশেষ কমিটি গড়ার কথাও মনে করিয়ে দেন তিনি।