ভবানীপুরে শুভেন্দু! মমতাকে এক কেন্দ্রে ‘বন্দি’ করার মাস্টারপ্ল্যান বিজেপির? তোলপাড় বঙ্গ রাজনীতি

২০২১ সালের সেই হাইভোল্টেজ নন্দীগ্রাম লড়াই কি এবার ফিরে আসছে কলকাতার রাজপথে? সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। শুভেন্দু অধিকারীকে এবার নন্দীগ্রামের পাশাপাশি মমতার গড় হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সাধারণ লড়াই নয়, বরং তৃণমূল সুপ্রিমোকে একটি নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখার সুক্ষ্ম চাল।

মমতাকে আটকানোর কৌশল? ২০২১-এ নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন সেই এলাকাতেই পড়ে থাকতে হয়েছিল। ফলে সারা রাজ্যে প্রচারের সময় কমে গিয়েছিল তাঁর। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইকের মতে, এবারও বিজেপি চায় মমতাকে ভবানীপুরেই ব্যস্ত করে রাখতে। শুভেন্দুর মতো হেভিওয়েট প্রতিপক্ষ সামনে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ছেড়ে রাজ্যের অন্যত্র প্রচারে কতটা সময় দিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কালই মিলবে উত্তর: মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিজেকে ২৯৪টি আসনের একমাত্র প্রার্থী বলে দাবি করেন। তবে গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারের ক্ষত এখনও টাটকা। এবার কি তিনি পুরনো কেন্দ্র ভবানীপুরেই আস্থা রাখবেন, নাকি শুভেন্দুর উপস্থিতি দেখে নিরাপদ কোনো আসন বেছে নেবেন? মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। কালকের দিনটির ওপরেই নির্ভর করছে ২০২৬-এর মেগা লড়াইয়ের গতিপ্রকৃতি।