রাসবিহারীতে বড় চমক বিজেপির! স্বপন দাশগুপ্তকে ময়দানে নামাল গেরুয়া শিবির, প্রথম তালিকায় কারা?

নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাংলায় রণহুঙ্কার দিল ভারতীয় জনতা পার্টি। সোমবার ১৪৪ জনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী আসনটি। এই ঐতিহ্যবাহী কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়াই করবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট বুদ্ধিজীবী স্বপন দাশগুপ্ত।
পুরনো চাল ভাতে বাড়ে: বিজেপির এই তালিকায় পরিচিত মুখদের ওপরই বেশি ভরসা রাখা হয়েছে। লোকসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ফের খড়গপুর সদরের নিজের পুরনো জমিতে ফিরছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, আসানসোল দক্ষিণে জয়ী বিধায়ক অগ্নিমিত্রা পলের ওপরেই পুনরায় আস্থা রেখেছে দল। শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বরাহনগরে লড়াই করবেন সজল ঘোষ। ভবানীপুর ও নন্দীগ্রামে শুভেন্দুর নাম ঘোষণা হওয়ার পর এই ১৪৪ জনের তালিকা বঙ্গ রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিল।
বাতিল হলেন কারা? তালিকায় যেমন চমক আছে, তেমনি আছে বড় ‘বাদ’। খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম প্রথম তালিকায় নেই, যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এছাড়াও প্রথম দফার তালিকায় দেখা যায়নি নিশীথ প্রামাণিকের নামও। পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ কলকাতায় স্বপন দাশগুপ্তের মতো মার্জিত ব্যক্তিত্বকে প্রার্থী করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির ভোট নিজেদের পকেটে পুরতে চাইছে গেরুয়া ব্রিগেড। এখন দেখার, তৃণমূলের পাল্টা তালিকায় কার ভাগ্যে কী জোটে।