শরবত খেয়েই মাথায় হাত! বিলে এল ‘গ্যাস ক্রাইসিস ফি’, বেঙ্গালুরুর ক্যাফেতে আজব কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

রেস্তোরাঁয় গিয়ে সার্ভিস চার্জ বা জিএসটি দেওয়ার কথা তো শুনেছেন, কিন্তু কখনো কি লেবুর শরবত খাওয়ার জন্য ‘গ্যাস সংকট’-এর জরিমানা দিয়েছেন? শুনে অবিশ্বাস্য মনে হলেও, খাস বেঙ্গালুরু শহরের একটি ক্যাফেতে এমনই এক আজব কাণ্ড ঘটেছে। এক গ্লাস লেবুর শরবত খেয়ে বিলের কাগজ হাতে পেতেই চক্ষু চড়কগাছ এক গ্রাহকের। খাবারের দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ‘গ্যাস ক্রাইসিস ফি’ (Gas Crisis Fee) যুক্ত করেছে কর্তৃপক্ষ।
ভাইরাল সেই বিল: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) ভাইরাল হওয়া সেই বিলটিতে দেখা যাচ্ছে, জনৈক গ্রাহক ‘থিও ক্যাফে’ (Theo Cafe) নামক একটি রেস্তোরাঁ থেকে দুই গ্লাস মিন্ট লেমনেড অর্ডার করেছিলেন। যার প্রতি গ্লাসের দাম ১৭৯ টাকা হিসেবে মোট ৩৫৮ টাকা হয়েছিল। কিন্তু বিলের একদম শেষে দেখা যায়, এলপিজি সংকটের অজুহাতে বাড়তি ৫ শতাংশ চার্জ বসানো হয়েছে।
ক্যাফের যুক্তি বনাম নেটনাগরিকদের ক্ষোভ: গ্রাহক প্রতিবাদ করলে ক্যাফে কর্তৃপক্ষ সাফ জানায়, বর্তমানে দেশজুড়ে এলপিজি সংকট চলায় তাদের খরচ অনেক বেড়ে গিয়েছে। সেই বাড়তি খরচ সামাল দিতেই এই ‘সারচার্জ’। কিন্তু প্রশ্ন উঠছে, যে লেবুর শরবত তৈরিতে আগুনের ব্যবহারই হয় না, সেখানে কেন রান্নার গ্যাসের সংকটের ফি দিতে হবে? এই ঘটনা ঘিরে নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল ও তীব্র সমালোচনা। অনেকেই একে ‘লুঠতরাজ’ বলে অভিহিত করেছেন। অগ্নিমূল্য বাজারে গ্রাহকের পকেট কাটার এই নতুন কৌশল নিয়ে এখন তোলপাড় কর্ণাটকের রাজধানী।