বাতিল ৪,৩৩৫টি বিমান! আকাশপথে যুদ্ধের কোপ, বিপাকে লক্ষ লক্ষ যাত্রী; বড় ঘোষণা মোদী সরকারের

পশ্চিম এশিয়ার রণংদেহী পরিস্থিতি এবার সরাসরি থাবা বসালো আকাশপথে। ইজরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে কার্যত লণ্ডভণ্ড আন্তর্জাতিক বিমান পরিষেবা। সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন। তিনি জানান, যুদ্ধের কারণে আকাশপথ অনিরাপদ হয়ে ওঠায় ভারতীয় বিমান সংস্থাগুলি এ যাবৎ মোট ৪,৩৩৫টি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে।
কেন এই গণ-বাতিল? মন্ত্রী নাইডু স্পষ্ট করেছেন যে, মধ্য এশিয়ার আকাশপথ বর্তমানে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তার খাতিরে ওই অঞ্চলের এয়ারস্পেস বা আকাশপথ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ভারতীয় সংস্থাই নয়, বিদেশি বিমান সংস্থাগুলিও ১,১৮৭টি উড়ান বাতিল করেছে। ভারতের কাছে ব্যবসায়িক লাভ-ক্ষতির চেয়েও “যাত্রী সুরক্ষাই শেষ কথা”। নাইডুর কথায়, “আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত বিমান চালানোর কোনও প্রশ্নই ওঠে না।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের ভূমিকা: বিপর্যয়ের মধ্যেও আশার আলো দেখিয়েছেন মন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রক এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে। সংকটের এই আবহেও বিকল্প উপায়ে প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৭৮০ জন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে আকাশপথ নিরাপদ হওয়া মাত্রই পরিষেবা স্বাভাবিক করা যায়। তবে আপাতত আন্তর্জাতিক রুটে যাতায়াতকারীদের জন্য সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।