হরমুজ জট কাটাতে রাশিয়ার পথেই কি ভারত? মার্কিন রণতরী নয়, কূটনীতিতেই কেল্লাফতে দিল্লির!

হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহে আমেরিকার পাতা ‘রণতরী’র ফাঁদে পা দিল না ভারত। সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন, পারস্য উপসাগরে নিরাপত্তার খাতিরে কোনও বিদেশি জোটে শামিল হওয়ার পরিকল্পনা দিল্লির নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চিন ও জাপানকে রণতরী মোতায়েনের আহ্বান জানালেও, দিল্লি সাফ জানিয়েছে যে এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনা তারা করেনি।

ভারত বরং ‘একলা চলো’ নীতিতে ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলাপ-আলোচনাতেই ভরসা রেখেছে। প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তেহরানের শীর্ষ নেতৃত্বের সরাসরি কথোপকথনের ফলেই ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’-র মতো ভারতীয় এলপিজি জাহাজগুলি নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার করতে পেরেছে। ভারতের দাবি, ইরানের সঙ্গে এই ঐতিহাসিক সম্পর্ক কোনও ‘লেনদেন’ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। দিল্লি স্পষ্ট জানিয়েছে, সমুদ্রপথে শান্তি ফেরাতে যুদ্ধ নয়, বরং সংযম ও কূটনীতিই একমাত্র পথ।