বিজেপির প্রথম তালিকায় বড় ধামাকা! শুভেন্দু লড়বেন নন্দীগ্রাম ও ভবানীপুরে, ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজতেই কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। সোমবার নয়া দিল্লি থেকে বাংলার ১৪৪টি আসনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। এই তালিকার সবথেকে বড় চমক হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তাঁকে একসঙ্গে দুটি ‘হাইভোল্টেজ’ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে—নিজের গড় নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুর।

তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি লড়বেন তাঁর পুরনো কেন্দ্র খড়্গপুর সদর থেকে। বরানগর আসনে প্রার্থী করা হয়েছে লড়াকু নেতা সজল ঘোষকে। ভাটপাড়া কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন অর্জুন সিং-এর ছেলে পবন সিং। অন্যদিকে, হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপির বাজি অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি নেতৃত্ব। এই তালিকা প্রকাশের পরেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ একলাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে।