টিকা কি শুধু শিশুদের জন্য? National Vaccination Day-তে জানুন বড়দের জন্য জরুরি এই ৬টি ভ্যাকসিনের হদিশ

আজ ১৬ মার্চ, জাতীয় টিকাকরণ দিবস। ১৯৯৫ সালের এই দিনেই ভারতে প্রথম ওরাল পোলিও ভ্যাকসিনের যাত্রা শুরু হয়েছিল। আমরা অনেকেই মনে করি টিকা মানেই তা শিশুদের জন্য, কিন্তু চিকিৎসকরা বলছেন অন্য কথা। দিল্লির ফোর্টিস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডঃ মুগ্ধা তাপদিয়ার মতে, বয়স বাড়ার সাথে সাথে শৈশবে নেওয়া টিকার কার্যকারিতা কমে যেতে পারে, তাই প্রাপ্তবয়স্কদেরও ‘বুস্টার’ বা নতুন কিছু টিকা নেওয়া অত্যন্ত প্রয়োজন।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত রাখতে প্রাপ্তবয়স্কদের জন্য যে ৬টি টিকা সবচেয়ে জরুরি, সেগুলি হলো: ১. ইনফ্লুয়েঞ্জা: সিজনাল ফ্লু থেকে বাঁচতে প্রতি বছর এটি নেওয়া উচিত। ২. নিউমোকক্কাল: নিউমোনিয়া ও মেনিনজাইটিস প্রতিরোধে এটি কার্যকর। ৩. শিঙ্গলস: ৫০ ঊর্ধ্ব ব্যক্তিদের হার্পিস জোস্টারের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দেয় এই টিকা। ৪. Tdap: টিটেনাস, ডিপথেরিয়া ও হুপিং কাশির হাত থেকে বাঁচতে প্রতি ১০ বছর অন্তর এর বুস্টার ডোজ জরুরি। ৫. হেপাটাইটিস বি: লিভার ক্যানসার ও ক্রনিক লিভারের অসুখ রুখতে এই টিকা আবশ্যিক। ৬. এইচপিভি (HPV): মহিলাদের জরায়ু মুখ বা সার্ভাইক্যাল ক্যানসার রুখতে এই ভ্যাকসিনের কোনো বিকল্প নেই।