“কেউ চকানাও পাবে না!” মমতার ভাতা ও ডিএ বৃদ্ধি নিয়ে শুভেন্দুর ভয়ঙ্কর দাবি, ভোট ঘোষণার মুখে চরম সংঘাত!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ আর্থিক ঘোষণাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি। রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভোট ঘোষণার প্রাক্কালে মুখ্যমন্ত্রী জানান, পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) ২৫ শতাংশ মার্চ মাস থেকেই দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্রেফ ‘নির্বাচনী গিমিক’ বলে উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভোট ঘোষণার প্রাক্কালে এই ধরণের সুবিধা আদতে কার্যকর করা সম্ভব নয়। শুভেন্দু সাফ বলেন, “নির্বাচন বিধি কার্যকর হওয়ার পর নতুন করে ভাতা বা আর্থিক সুবিধা বাড়ানো যায় না। ফলে এই ঘোষণাগুলি কেবলই মুখ্যমন্ত্রীর টুইট হিসেবে থেকে যাবে, বাস্তবে কেউ এক পয়সাও পাবে না।” তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহারের গত নির্বাচনে আর্থিক প্রকল্পগুলি যেভাবে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই পথে হাঁটতে চাইছেন। কিন্তু শুভেন্দুর এই কড়া পাল্টা আক্রমণ নতুন করে প্রশ্ন তুলে দিল যে, আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হওয়ার ঠিক আগে করা এই ঘোষণাগুলি আইনি পথে কতটা সফল হবে। তৃণমূল ও বিজেপির এই দ্বৈরথ নির্বাচনের লড়াইকে আরও বেশি জটিল করে তুলেছে।