আইপিএল শুরুর আগেই কেকেআরে বিপর্যয়! ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হর্ষিত রানা, মাথায় হাত শাহরুখের?

আইপিএল ২০২৬ শুরু হতে হাতে আর মাত্র দু’সপ্তাহও সময় নেই। আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল নাইট শিবির। দলের অন্যতম প্রধান পেস অস্ত্র হর্ষিত রানার ফিটনেস নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সম্প্রতি বিসিসিআই-এর ‘নমন অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হর্ষিতকে যেভাবে দেখা গিয়েছে, তাতে কেকেআর সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন এই দিল্লি পেসার। আশা ছিল আইপিএলের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু রবিবার বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক ভিন্ন চিত্র। বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের (পুরুষ) সম্মান পেলেও, হর্ষিত রানাকে মঞ্চে উঠতে দেখা যায়নি। বরং তিনি অনুষ্ঠানে প্রবেশ করেন ক্রাচে ভর দিয়ে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নিজে মঞ্চ থেকে নিচে নেমে হর্ষিতের আসনে গিয়ে তাঁর হাতে স্মারক তুলে দেন।

২০২৪ সালের আইপিএল জয়ে হর্ষিত রানার ভূমিকা ছিল অনস্বীকার্য। সেই কারণেই ২০২৬ মেগা নিলামের আগে তাঁকে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে টুর্নামেন্টের প্রথম দিকে তো বটেই, গোটা আইপিএল থেকেই তিনি ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দলের এই পেসারকে না পাওয়া শাহরুখ খানের দলের জন্য এক বিরাট বিপর্যয় হতে পারে।

এমনিতেই পেস বিভাগ নিয়ে কিছুটা চাপে রয়েছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। ৯.২০ কোটি টাকায় কেনা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বোর্ডের নির্দেশে ছেঁটে ফেলতে হয়েছে পার্পল ব্রিগেডকে। তাঁর বদলে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে দলে নেওয়া হয়েছে। মুজারবানি সদ্য সমাপ্ত বিশ্বকাপে ১৩টি উইকেট নিয়ে নজর কাড়লেও, হর্ষিত রানার মতো ভারতীয় পেসারের অভাব পূরণ করা কঠিন হবে। দলে বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগী ও আকাশদীপরা থাকলেও, অভিজ্ঞ রানার অনুপস্থিতিতে নাইটদের বোলিং ধার অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, শেষ মুহূর্তে রানা কোনও ম্যাজিক দেখিয়ে মাঠে ফেরেন নাকি কেকেআরকে নতুন কোনও বিকল্প খুঁজতে হয়।