“সাঁড়াশি অভিযানেও কাজ হবে না!” ভোটের মুখে সচিব ও পুলিশ রদবদল নিয়ে কমিশনকে ধুয়ে দিলেন কুণাল

বাংলার ভোটের দামামা বাজতেই শুরু হয়েছে প্রশাসনিক রদবদল। আর এই রদবদল ঘিরেই এবার নির্বাচন কমিশন ও বিজেপিকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দক্ষ আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীসহ রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই তড়িঘড়ি রদবদলকে সরাসরি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাগিয়ে দিয়েছেন তিনি।

কুণাল ঘোষের সাফ দাবি, এই সব কিছুই আদতে বিজেপির ভয় বা ‘প্যানিক রিঅ্যাকশন’। তিনি বলেন, “কৃতী ছাত্রী এবং অত্যন্ত দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো। এগুলো যদিও প্রশাসনিক বিষয়, বিস্তারিত এই মঞ্চ থেকে বলব না। তবে এটুকু স্পষ্ট যে, বিজেপি হারার ভয়ে কমিশনকে ব্যবহার করে এই নাটক করছে।” তাঁর মতে, নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারের অপব্যবহার করা হচ্ছে বাংলাকে অপমান করার জন্য।

বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে কুণাল আরও বলেন, “যারা খুব লাফাচ্ছেন যে অফিসার বদল করে দিলাম, তারা লিখে রাখুন—আপনারা চেয়ার বদলাতে পারেন, কিন্তু বাংলার মানুষের মন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না। ভোট গণনার দিন সব অপমানের জবাব দেবে বাংলার মানুষ।”

আগামী ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে কুণাল ঘোষ ভবিষ্যদ্বাণী করেন যে, গতবারের চেয়েও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। তাঁর কথায়, “লিখে রাখুন, ২৫০-এর বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। বিজেপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।” এই বিস্ফোরক বয়ান ঘিরে ইতিমধ্যেই তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল।