নন্দীগ্রামে হুলস্থুল! প্রার্থীর নাম ঘোষণার আগেই শুভেন্দুর দেওয়াল লিখন শুরু, পাল্টানোর চ্যালেঞ্জ সুফিয়ানের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্য রাজনীতির ‘এপিসেন্টার’ নন্দীগ্রামে পারদ চড়তে শুরু করেছে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি। নন্দীগ্রামের ২১০ নম্বর বিধানসভা কেন্দ্রে ‘শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে জয়যুক্ত করুন’—এই স্লোগানে ছেয়ে যাচ্ছে জনপদ। মজার বিষয় হলো, বিজেপি বা তৃণমূল কোনো দলই এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করেনি, কিন্তু তার আগেই নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে মহারণ।

বিজেপি নেতা তথা নন্দীগ্রাম মন্ডল ৪-এর সভাপতি সৌমিত্র দে দাবি করেছেন, “নন্দীগ্রাম সারা বাংলাকে পথ দেখায়। শুভেন্দু অধিকারীই এখানে প্রার্থী হচ্ছেন এটা আমাদের কাছে নিশ্চিত, তাই কর্মীদের সবুজ সংকেত মেলায় দেওয়াল লিখন শুরু হয়েছে।” স্বয়ং শুভেন্দু অধিকারীও সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে, দল চাইলে তিনি তাঁর ‘ভদ্রাসন’ নন্দীগ্রাম থেকেই লড়বেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নন্দীগ্রামের মা-বোনেদের নিরাপত্তার স্বার্থে তাঁর এখানে ‘চৌকিদারি’ করা উচিত।

বিজেপির এই আগাম তৎপরতাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তাঁর দাবি, গত পাঁচ বছরে শুভেন্দু অধিকারী মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেননি। সুফিয়ান হুঙ্কার ছেড়ে বলেছেন, “শুভেন্দু যদি দাঁড়ান, তবে তাঁকে এবার ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছি।” প্রার্থী ঘোষণা হওয়ার আগেই নন্দীগ্রামে দুই শিবিরের এই সম্মুখ সমর বুঝিয়ে দিচ্ছে, আগামী ২৩ এপ্রিল এই জনপদ ফের একবার নজিরবিহীন লড়াইয়ের সাক্ষী হতে চলেছে।