বাংলার ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখন সুপ্রিম কোর্টে! ভোটের মুখে ভোটাধিকার হারাবেন কি বিপুল সংখ্যক মানুষ?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেও রাজ্য রাজনীতির আকাশে এখন সবথেকে বড় উদ্বেগের মেঘ হয়ে দেখা দিয়েছে ‘বিচারাধীন’ ভোটার তালিকা। এক অভাবনীয় পরিসংখ্যানে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার অনিশ্চিত হয়ে পড়ায় সবার নজর এখন দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের দিকে।

গত বছর ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ শুরু হওয়ার পর অন্যান্য রাজ্যে তালিকা চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গে এই ৬০ লক্ষ ভোটারের জট খোলেনি। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে প্রায় সাড়ে ১৬ লক্ষ নথি যাচাই করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নথি বাতিল হওয়ার পথে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বাদ পড়া ভোটারদের ভাগ্য নির্ধারণের জন্য কলকাতা হাইকোর্টকে প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি বিশেষ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠন করতে বলা হয়েছে। তবে এই ট্রাইব্যুনাল কবে কাজ শুরু করবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। তবে বাংলার দুই দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ ও ৯ এপ্রিল। হাতে সময় মাত্র তিন সপ্তাহ। এই অল্প সময়ে বাকি ৪৪ লক্ষ নথির যাচাই এবং ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২৫ মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই স্পষ্ট হবে, এই ৬০ লক্ষ মানুষ ইভিএমে বোতাম টিপতে পারবেন, নাকি তাঁদের নাগরিকত্বের অধিকারের লড়াই আরও দীর্ঘ হবে।