Yuva Sathi Scheme: বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা! শুরু হলো পেমেন্ট, আপনার নাম আছে তো?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক মুখে বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের সিলমোহর পড়ার পর থেকেই রাজ্যজুড়ে উদ্দীপনা তুঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে এটি তৃণমূল সরকারের একটি ‘মাস্টারস্ট্রোক’।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলেছে। বহু চাকরিপ্রার্থী অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। সরকারি তথ্য বলছে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহে ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে যে, ৭ মার্চ ২০২৬ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অর্থ সরাসরি ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা DBT-র মাধ্যমে আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তবে সহজেই নিজের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। এর জন্য আপনাকে yubasathi.wb.gov.in পোর্টালে যেতে হবে। সেখানে ‘আবেদনের অবস্থান দেখুন’ অপশনে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি কোড দিলেই বোঝা যাবে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে কি না। মনে রাখবেন, সঠিক নথিপত্র (আধার, ভোটার কার্ড, ব্যাঙ্কের তথ্য ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ) জমা থাকলেই এই সুবিধা মিলবে। বেকার যুবক-যুবতীরা যাতে চাকরির পরীক্ষার প্রস্তুতি বা দৈনন্দিন যাতায়াতের খরচ সামলাতে পারেন, সেই লক্ষ্যেই সরকারের এই বিশেষ উদ্যোগ।