রবিবারের দুপুরে চিকেন-মাটন ভুলে যান! মা-ঠাকুমাদের আমলের এই স্পেশাল বোয়াল মাছের ঝালেই হবে বাজিমাত

আগেকার দিনে মা-ঠাকুমারা খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই পদটি রাঁধতেন, যার স্বাদ আজও ভোলা দায়। যদি বাড়িতে আজ বোয়াল মাছ এসে থাকে, তবে সাধারণ ঝোল না করে এই বিশেষ রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখে নিন সহজ প্রস্তুত প্রণালী।

উপকরণ:
মাছ রান্নার জন্য আপনার প্রয়োজন— বড় ৫ পিস বোয়াল মাছ, ১ চা চামচ আদা বাটা, ১টি বড় পেঁয়াজ কুচি, ৩-৪টি কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে বাটা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (রঙের জন্য), ১ চা চামচ কালো জিরে, একটি গোটা টমেটো, খাঁটি সর্ষের তেল, স্বাদমতো নুন ও একমুঠো তাজা ধনেপাতা কুচি।

প্রণালী:
প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে মিনিটখানেক রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নিন। এবার ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে একে একে আদা-কাঁচা লঙ্কা-জিরে বাটা এবং টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো উষ্ণ গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো ছেড়ে দিন। স্বাদমতো নুন ও সামান্য মিষ্টি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিন। ঝোল যখন ঘন হয়ে মাছের গায়ে মাখা মাখা হয়ে আসবে, তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, তৈরি আপনার দুপুরের সেরা পদ! গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই বোয়াল মাছের ঝাল পরিবেশন করুন, দেখবেন পাতের পাশে আর কিছুই লাগবে না।