ভোট ঘোষণার পরই নজিরবিহীন পদক্ষেপ কমিশনের! রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার বদল

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলের পর এবার রাজ্যের পুলিশ প্রশাসনেও ব্যাপক রদবদল করা হলো। কমিশনের নতুন সিদ্ধান্তে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদ থেকে অপসারিত হলেন পীযূষ পাণ্ডে, তাঁর জায়গায় আনা হলো সিদ্ধিনাথ গুপ্তা-কে। একইভাবে কলকাতা পুলিশের কমিশনার (CP) পদ থেকে সুপ্রতীপ সরকারকে সরিয়ে নতুন কমিশনার করা হয়েছে অজয় নন্দ-কে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রাজ্য প্রশাসনের ওপর বিশেষ রিভিউ করার পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পুলিশ প্রধান বা কমিশনার নন, বদল করা হয়েছে এডিজি (আইন-শৃঙ্খলা) পদপ্রার্থীকেও। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে অজয় রানাডে-কে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই কমিশনের এই নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।