হামলা সামলে ভারতের পথে ‘জগ লড়কি’! ৯০ হাজার টন এলপিজি ও বিপুল তেলের ট্যাঙ্কার ঢুকছে আজই

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভারতের জন্য একের পর এক স্বস্তির খবর। হরমুজ প্রণালীর বাধা কাটিয়ে একের পর এক তেলবাহী ও এলপিজি (LPG) ট্যাঙ্কার ভারতের দিকে এগিয়ে আসছে। সবথেকে বড় খবর হলো, গত ১৪ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দরে হামলার শিকার হওয়া ভারতীয় জাহাজ ‘জগ লড়কি’ (Jag Ladki) সমস্ত বিপদ কাটিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, প্রায় ৮০,৮০০ টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি এবং তার সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন।
আজ ১৬ মার্চ এবং আগামীকাল ১৭ মার্চের মধ্যে ভারতের মুন্দ্রা ও কান্দলা বন্দরে পৌঁছাতে চলেছে ‘শিবালিক’ ও ‘নন্দদেবী’ নামক দুটি জাহাজ। এই জাহাজ দুটিতে রয়েছে প্রায় ৯০ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি। এছাড়াও ১.৪ লক্ষ মেট্রিক টন সৌদি তেল নিয়ে মুম্বই উপকূলে পৌঁছেছে ‘সেনলং সুয়েজম্যাক্স’ এবং ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে হরমুজ পার করেছে ‘জগপ্রকাশ’। যদিও এখনও হরমুজ প্রণালীতে ২২টি জাহাজ আটকে রয়েছে, তবে ভারতীয় নৌ-বাহিনীর ‘অপারেশন সংকল্প’-এর কড়া নিরাপত্তায় ভারতীয় জাহাজগুলি অগ্রাধিকার পাচ্ছে।
এদিকে দেশে রান্নার গ্যাসের সংকট নিয়ে বিরোধীরা সরব হলেও কেন্দ্র দাবি করেছে, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং মজুত ভাণ্ডার পর্যাপ্ত। আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং (Panic Booking) প্রতিদিন প্রায় এক লক্ষ কমেছে, যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে।