বন্ধুত্বে ফাটল! বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি-র দরবারে নালিশ পাকিস্তানের, মীরপুরে ধুন্ধুমার

মাঠের বাইরে গলায় গলায় বন্ধুত্ব থাকলেও, মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠল পাকিস্তান ও বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তান এবার সেই টাইগারদের বিরুদ্ধেই আইসিসি-র (ICC) কাছে নালিশ জানাল। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এক বিতর্কিত ডিআরএস (DRS) সিদ্ধান্তকে কেন্দ্র করে সরগরম ক্রিকেট মহল।
ঘটনার সূত্রপাত ম্যাচের শেষ ওভারে। জয়ের জন্য তখন পাকিস্তানের প্রয়োজন ২ বলে ১২ রান। রিশাদ হোসেনের একটি বলকে আম্পায়ার কুমার ধর্মসেনা ‘ওয়াইড’ ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী ফিল্ডিং দল সরাসরি ওয়াইড রিভিউ নিতে পারে না, তাই বাংলাদেশ এলবিডব্লিউ-এর (LBW) আবেদন করে রিভিউ চায়। পাকিস্তানের অভিযোগ, নির্ধারিত ১৫ সেকেন্ড সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এবং জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে তবেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আম্পায়ার ধর্মসেনা নিয়ম ভেঙে সেই অনুমতি দেন এবং রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লেগেছে, ফলে ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়। এতেই পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়। ম্যাচ শেষে পাক কোচ মাইক হেসন রেফারি নেয়ামার রশিদের কাছে আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।